অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর পশ্চিম রাজাবাজার ও কলাবাগান এলাকা থেকে ২০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-২। রবিবার গভীর রাতের এই অভিযানে দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মাসুম বিল্লাহ ও শেখ মো. আনিছ। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে পশ্চিম রাজাবাজারের ৫৮/সি নম্বর বাসা (ইউনিট-বি চতুর্থ তলা) এবং কলাবাগানের লেক সার্কাস এলাকার ২/ক নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। দুই স্থান থেকে নয়টি চ্যানেল ব্যাংক, ৫৬টি অ্যান্টেনা, সুইস পোর্ট, কম্পিউটার, মোবাইল ফোন ও এক হাজার ৪৪৯টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, প্রায় এক বছর ধরে তারা অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মামলা হয়েছে।