দেশের অর্থনৈতিক মুক্তির অন্তরায় দুর্নীতি
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:২৪
দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার এতকাল পরও অর্জিত হয়নি অর্থনৈতিক মুক্তি।
দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন গাইবান্ধা জেলা ও রানার আপ কিশোরগঞ্জ জেলা দল এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা জেলা ও রানার আপ বাগেরহাট জেলা দলকে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান।