কমলাপুরে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) গেট থেকে সোমবার বিকালে এসএম শফিকুর রহমান ওরফে সিজার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শাহজাহানপুর থানার একজন এসআই জানান, গোপন তথ্যের ভিত্তিতে কমলাপুর আইসিটি গেটের সামনে থেকে সিজারকে আটক করার পর তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিজার জানায়, পাবনার ঈশ্বরদী থেকে ওই অস্ত্রটি আজিমপুরের এক ব্যক্তির কাছে বিক্রি করার উদ্দেশ্যে ঢাকায় আনা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ আজিমপুরের ঐ ব্যক্তির নাম জানায়নি।