বায়েজিদের ফুটপাত দখলমুক্ত হোক

বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাদেশ চা বোর্ড গেইট থেকে বায়েজিদ বোস্তামী (র) দরগাহ গেইট হয়ে চট্টগ্রাম সেনানিবাস মোড় পর্যন্ত সড়কের ফুটপাতগুলোতে হকারদের রামরাজত্ব চলছে। এ নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। তবু কেউ যেন ওদের রুখতে পারছে না। প্রতিদিন প্রতিযোগিতামূলকভাবে এখানকার ফুটপাতগুলো দখল করে নিচ্ছে স্বঘোষিত হকার্স নেতা নামধারী একটি চক্র। ফুটপাত দখলকে কেন্দ্র করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও বখাটেপনাসহ বহুমাত্রিক অপরাধ নিত্য ঘটনা। তাদের বেপরোয়া উত্পাতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিশেষ করে আশপাশের গার্মেন্টসগুলো ছুটি হলে মহিলা কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কিছুদিন আগে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ, সিডিএ, সিটি কর্পোরেশন এখানে উচ্ছেদ অভিযান চালালেও পরক্ষণেই তারা আবারও বসে যায়। ফুটপাতে এদের ব্যবসা করার সুযোগ দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করছে বহিরাগত একটি চক্র। বর্তমানে এরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, পথচারীরা অনেকটা বাধ্য হয়ে রাস্তার ওপর দিয়ে পথ চলছে। তাই জরুরিভিত্তিতে বায়েজিদের ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দ আল মাহমুদ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ৪২১০