যমুনায় নাব্যতা সংকট

সারিয়াকান্দির বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ

এককালের প্রমত্তা যমুনা নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে নদীর চ্যানেল শুকিয়ে ধূ ধূ বালু চরে পরিণত হওয়ায় মাইলের পর মাইল পায়ে হেঁটে চরের মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এতে চরবাসীর যাতায়াত ও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার বোঝাই নৌকা কালিতলা ঘাটে ভিড়ছে না। ফলে যমুনা সেতু হয়ে বেশি ভাড়ায় সার আনতে হচ্ছে। ফলে কৃষকের উপর প্রভাব পড়ছে। কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দির উপর দিয়ে প্রবাহিত যমুনা নদী এক সময় খুবই গভীর ছিল। বছর জুড়ে নদীপথে বড় বড় পাল তোলা নৌকা ছাড়াও জাহাজ চলাচল করত। এখন সেই যমুনার গভীরতা হারিয়ে নাব্যতা সংকট দেখা দিয়েছে। যমুনা পাড়ের লোকজন জানান, এককালে যমুনা নদীর গভীরতা থাকায় বিভিন্ন নদী বন্দরের সাথে জাহাজ, কার্গো ও পাল তোলা বড় বড় নৌকা দেশের উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করত। একারণে পণ্য পরিবহনে খরচ কম হতো। এতদাঞ্চলের উত্পাদিত কৃষি পণ্য অল্প খরচে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছানো যেত। কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পেত। যমুনার বুকে অসংখ্য বালু চর জেগে উঠায় পণ্যবাহী নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মাইলের পর মাইল বালু চরে না চলছে নৌকা না চলছে অন্য যানবহন। ফলে চরবাসীরা উত্পাদিত পণ্য দূরের হাট-বাজারে নিতে দুর্ভোগ পোহাচ্ছে।