কুমিল্লায় ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে সমাবেশ

জনমত উপেক্ষা করে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সীমানা বাদ রেখে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা সীমানা পুনঃগঠন করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জনগণের মাঝে। নতুন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রবিবার কুমিল্লা মহানগর (দক্ষিণ) ঐক্য সংহতির ব্যানারে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ শেষে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৭ জানুয়ারি নতুন এ সরকারি প্রজ্ঞাপনের ফলে সাবেক সদর দক্ষিণ পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সাবেক কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ডের জনগণ উপজেলা নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও এই জটিলতার কারণে আটকে গেছে সদর দক্ষিণ এবং আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচন। এসব এলাকার জনগণ উপজেলা নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে এর মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। রবিবার সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন, কাজী মাহবুবুর রহমান, খলিলুর রহমান, ইউ.পি চেয়ারম্যান মমিনুল ইসলাম, আবদুর রব জিলানী, ওবায়দুল কবির মোহন, আমান উল্লাহ আমান প্রমুখ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।