রাজারহাটে পোস্ট অফিসগুলোর বেহাল দশা
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:০৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অধিকাংশ পোষ্ট অফিসের নিজস্ব ভবন নেই। জরাজীর্ণ ঘরে কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে পোষ্ট অফিসের উপর আস্থা হারিয়ে ফেলছে সাধারণ জনগণ। ঝুঁকে পড়ছে কুরিয়ার সার্ভিস ও মোবাইল ফোনে।
গ্রামীণ জনসাধারণের নিরাপদ যোগাযোগের ব্যবস্থার জন্য সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পোষ্ট অফিসের আওতায় ৯টি শাখা পোষ্ট অফিস স্থাপিত হয়েছে। অফিসগুলোর বেশির ভাগই ঘরের বারান্দায়, দোকানের পাশে, বাড়ির উঠানে স্থাপন করে কোন রকমে কার্যক্রম চলছে যুগ যুগ ধরে। ফলে পোষ্ট অফিসের মূল্যবান চিঠিপত্র, পার্সেল ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র অযত্নে-অবহেলায় থাকছে সর্বদা। এছাড়াও গুরুত্বপূর্ণ চিঠিপত্র সঠিক বিলি ও পোষ্টের মালবাহী গাড়ি দ্রুতগামী না হওয়ায় সর্বদা সমস্যায় পড়ে কর্তৃপক্ষ। অনেকে চাকরির যোগদানপত্র ও ভাইভা কার্ডও পায় না সময়মত। এ অবস্থায় সাধারণ জনগণ দিনে দিনে পোষ্ট অফিসের উপর আস্থা হারিয়ে কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করছে।