বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:০৮
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় আটজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ভেদরগঞ্জে ৩ শিশুর লাশ উদ্ধার
শরীতপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নতুন বালার বাজার গ্রামে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জুমা (৬), লাভলী (৬) ও পুত্র ইয়ামিন (৫) তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে নদীর নতুন বালার বাজার ঘাট এলাকা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে।
মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার মদন উপজেলার পদমশ্রী গ্রামে গত রবিবার দুপুরে পানিতে ডুবে হোসনা আক্তার (৫) নামে এক শিশু মারা গেছে।
দুমকিতে শিশুর মৃত্যু
পটুয়াখালীর দুমকি উপজেলার জামলা গ্রামে গতকাল সোমবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেহেদী (৪) নামে এক শিশু মারা গেছে।
সীতাকুণ্ডে মদ্যপানে একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত রবিবার অতিরিক্ত মদ্যপানে পলাশ কুমার নাথ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপান করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকার রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।
উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া গ্রামে গত রবিবার পুকুরে ডুবে রুমি খাতুন (৪) নামের এক শিশু মেয়ে মারা গেছে।
কুড়িগ্রামে ছাত্রীর আত্মহত্যা
কুড়িগ্রামের পৌরসভার মোল্লাপাড়ায় গতকাল সোমবার সকালে সোনিয়া পারভীন (১২) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোনিয়া কুড়িগ্রাম সদর উপজেলার নওয়াশী পাঁচগাছী এলাকার পুলিশের সাবেক কনস্টেবল সেকেন্দার আলীর কন্যা ও পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।