বখাটেকে গ্রেফতারের দাবিতে ছাত্রছাত্রীদের ক্লাস বর্জন

মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তুলতে না দেয়ার অপরাধে বখাটেদের হাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ৬ ছাত্রী প্রহূত হয়েছেন। প্রধান শিক্ষক আবু তালেব বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার ৪ বখাটে অভিযুক্ত করে একটি মামলাটি করেছেন। অবিলম্বে বখাটেদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে। গত শনিবার আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় স্কুলের ২৮ জন ছাত্র-ছাত্রী খাতাপাড়া বিসিক শিল্প নগরী এলাকায় মানসিকা ভবনে যায়। তাদের স্টলে এলাকার কতিপয় বখাটে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তোলার চেষ্টা চালায়। ছবি তুলতে বাধা দেয়ার অপরাধে শনিবার বিকালে লালমনিরহাট প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অটোরিকশার গতিরোধ করে ছাত্রীদের মারধর করে। ছাত্রীদের রক্ষা করতে গিয়ে বখাটেদের হাতে আহত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসন্ন কুমার রায়। বর্তমানে ৬ ছাত্রী ও শিক্ষক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।