বিভিন্নস্থানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:১০
গতকাল দেশের বিভিন্নস্থানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাদারীপুর \ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দোকার ফরিদুল ইসলাম।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) \ গতকাল সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে করিমগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জ পাইলট হাইস্কুল থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী, সম্পাদক প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) \ ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ঠাকুর-গাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হচ্ছে।
নালিতাবাড়ী (শেরপুর) \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘সবাই মিলে লড়বো, দেশটাকে গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর (বগুড়া) \ আমরা দুর্নীতি করবো না। দুর্নীতি মানবো না। দুর্নীতি সইবো না—এসব বলে দুর্নীতি না করার শপথ নিলো ৩টি স্কুলের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভার একপর্যায়ে তারা এ শপথ নেন।
মনপুরা (ভোলা) \ মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু তাহের মোল্লাহর সভাপতিত্বে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইসলামীয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।