মেঘনা থেকে ৪৫ কোটি লিটার পানি সংগ্রহ করবে ঢাকা ওয়াসা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:৩১
ঢাকা ওয়াসা রাজধানীর জন্য মেঘনা নদী থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি আনার এক প্রকল্প গ্রহণ করেছে। সোনাগাঁও-এর বৈদ্যেরবাজারের ‘হারিয়া’ পয়েন্ট থেকে এ পানি সংগ্রহ করা হবে। সম্প্রতি ফ্রান্সের ‘ইজিআইএসও’ এবং ইন্সটিট্যুট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর যৌথ আয়োজনে স্থানীয় এক হোটেলে ‘সায়েদাবাদ শোধনাগার প্রকল্প ফেজ-৩: সম্ভাব্যতা সমীক্ষার চূড়ান্ত খসড়া রিপোর্ট’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কর্মশালায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মঞ্জুর হোসেন ও বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রানকিয়ে। —প্রেস বিজ্ঞপ্তি