যশোরে বাস থেকে নামিয়ে দুই কিশোরীকে গণধর্ষণ

আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরী শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার কাশীপুর মান্দারতলা এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মনিরামপুরের বিজয়রামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান (২৮), আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও এরশাদ আলীর ছেলে রিপন হোসেন (২৫)। এ ঘটনায় এক কিশোরীর মা মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে কাজ শেষে অভয়নগরের নওয়াপাড়াস্থ আকিজ জুট মিলের ওই দুই কিশোরী শ্রমিক অন্য শ্রমিকদের সঙ্গে মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। অন্য শ্রমিকদের বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়ে ওই দুই কিশোরীকে নামিয়ে দিতে মনিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় পৌঁছায় বাসটি। এ সময় ৭-৮ জন যুবক রাস্তা অবরোধ করে বাসটি আটকে দেয়। পরে তারা বাসে উঠে শোলাকুড় ও চালকিডাঙ্গা গ্রামের ওই দুই কিশোরী শ্রমিককে নামিয়ে পাশের বাগানে নিয়ে গণধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাত্ক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মেয়েকে উদ্ধার করে ও তিনজনকে আটক করে। বাস চালক কামরুল ইসলাম জানান, অন্য শ্রমিকদের নামিয়ে দিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ৭-৮ জন যুবক বাস থামিয়ে তাকে মারধর করে ওই দুই কিশোরীকে নামিয়ে নিয়ে যায়। এক কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ের এখনো কাজ করার বয়স হয়নি। কিন্তু পেটের দায়ে তাকে কাজে পাঠাই। বাড়ি ফিরতে দেরি করায় চিন্তা হচ্ছিল। পরে পুলিশ খবর দিলো তাদের ক্ষতি হয়ে গেছে।’ মনিরামপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্টাফ বাস থেকে ওই দুই কিশোরীকে নামিয়ে গণধর্ষণের খবর পেয়ে তারা তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম গতকাল ওই দুই কিশোরীর জবানবন্দি গ্রহণ করেছেন। পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের পরীক্ষা করা হয়। রাতে তাদেরকে থানা হেফাজত থেকে পরিবারের জিম্মায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।