রাবি ছাত্রলীগের সেই অস্ত্রধারী নেতা সঙ্গীসহ আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সমপাদক ও অস্ত্রধারী ক্যাডার সুদীপ্ত সালাম এবং সাংগঠনিক সমপাদক আখতারুল ইসলাম আসিফকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সালামকে গত ২ ফেব্রুয়ারি সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখা গেছে। এদিকে দুই নেতাকে আটকের প্রতিবাদে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসন ভবন ভাংচুর ও রাজশাহী-ঢাকা মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখে। জানা গেছে, গত রবিবার রাতে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল্লাহ মুহিত ও ইমরান নামের দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয় আটক ওই ছাত্রলীগ নেতারা। এর মধ্যে সুদীপ্ত সালাম ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। এর আগেও তিনি অস্ত্র ও কলগার্লসহ বোয়ালিয়া পুলিশের হাতে ধরা পড়েন। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। একাধিক বার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মারধর, অস্ত্রবাজি, হলের ডাইনিং ও ক্যান্টিনসহ ক্যামপাসের সবখানে ফাও খাওয়ারও অভিযোগ রয়েছে। ক্যাম্পাস সূত্র জানায়, বেলা ১২টার দিকে সালাম ও আসিফ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় ক্যাম্পাসে টহলরত ডিবি পুলিশ বিদেশি পিস্তলসহ তাদের আটক করে। ডিবি অফিসার সাইদুর রহমান ভুঁইয়া আটকের সত্যতা নিশ্চিত করেন। এদিকে দলীয় নেতাদের আটকের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সাড়ে ১২টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভিতর ঢুকে প্রক্টর ও জনসংযোগ কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসও ভাঙচুর করেন। পরে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করে তারা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন শ্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসন ভবনের তালা খুলে দেয়া হয়। তবে আটক নেতাদের ছেড়ে দেয়া না হলে ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন। বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য অন্যায়কারী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।