টাঙ্গাইল উপ-নির্বাচনে গোলযোগের ঘটনায় দুই মামলা

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে স্থগিত হওয়া সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘটনা ঘিরে রবিবার রাতে সখীপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। সরকারি ও নির্বাচনী কাজে বাধা প্রদানের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী বাবুল মিয়া বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞার দুই সহোদরসহ অজ্ঞাত প্রায় ১ হাজার সমর্থকের নামে একটি মামলা করেন। অপরদিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ ভোট গ্রহণে দায়িত্বে থাকা ১৯ জনের বিরুদ্ধে জেলা রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার বাদী হয়ে আরেকটি মামলা করেন। ভোট কারচুপির বিষয়টি তাকে না জানানো ও স্থগিত হওয়া ওই কেন্দ্রের ফলাফল শিট প্রদানের অভিযোগে তিনি মামলাটি করেন। বিষয়টির সত্যতা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মামলা দুইটির তদন্ত চলছে। প্রসঙ্গত, গত শনিবার এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কারচুপির অভিযোগে ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।