এই ইসির অধীনে আর নির্বাচন নয় :বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পতনের লক্ষ্যে এবার আন্দোলন বেগবান করবে ১৯ দলীয় জোট। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ছিল তার একটি প্রক্রিয়া মাত্র। এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিএনপি জাতীয় নির্বাচন না করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তই আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। নতুন করে আবারো প্রমাণিত হয়েছে এই সরকার একটি দানব সরকার। তাই এই সরকার এবং এই কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। গতকাল সোমবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফার ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। রিজভী বলেন, সরকার সারা দেশে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ভোট ছিনিয়ে আমাদের এমন আশঙ্কা নির্ভুল প্রমাণিত হয়েছে। সরকারের ছত্রছায়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার এই যজ্ঞে যোগ দিয়েছে। কোন ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়া লাগেনি। এতকিছুর পরে নির্বাচন নিয়ে বিএনপির আর কিছু বলার নেই। আমরা দেশবাসীকে শুধু বলতে চাই, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রিজভী ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের উদ্দেশ্যে বলেন, তিনি আওয়ামী লীগের প্রচার অথবা দফতর সম্পাদক। ‘আমরা কেউ বানের জলে ভেসে আসিনি। আপনাদের চিনি, কোথায় কে কি করেন, তাও জানি।‘আপনি (মোবারক) যে ন্যাক্কারজনক কাজ করেছেন এজন্য জনগণ আপনাদের উপযুক্ত বিচার করবে। আপনাদের নাক মাটিতে ঘষে শাস্তি নিশ্চিত করবে তারা।’ রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই ভারপ্রাপ্ত সিইসি এ বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়তই দিচ্ছেন। তিনি মোবারককে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ‘রাত থেকেই কেন্দ্র দখল’ এর আগে গতকাল ভোট গ্রহণের কয়েক ঘণ্টা পর প্রথম ব্রীফিং- এ নির্বাচনের আগের রাত থেকেই কেন্দ্র দখলের হিড়িক পড়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।