খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২৩:২৯
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফীন এ আদেশ দেন। আদেশে বলা হয়, ‘বাদীর আনীত অভিযোগ আমলে নেওয়ার মতো কোন উপাদান না থাকায় খারিজ করা হলো। ’
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ২৭ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া জিয়াউর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করেছেন। গত বছরের ২৯ ডিসেম্বর তিনি বঙ্গবন্ধুকে হেয় করার জন্য তার স্থায়ী নিবাস গোপালগঞ্জবাসীকে গোপালী সম্মোধন করেন এবং গোপালগঞ্জের নাম নিশানা মুছে ফেলার হুমকি দেন। আদালতে বাদীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি মামলার আবেদন করেন।
এদিকে আবেদন খারিজ আদেশের পর বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, সস্তা পরিচিতি পাওয়ার জন্য এ ব্যক্তি একের পর এক মামলার আবেদন করেন। এর আগেও বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে একই ব্যক্তির মানহানির মামলার আবেদন খারিজ হয়েছে।