নির্বাচন সুষ্ঠু হয়েছে

আমরা কেউ ভিনগ্রহ থেকে আসিনি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, গত ধাপের তুলনায় এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। সহিংসতাও অনেক কমেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। ইসিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে দেয়া বিএনপির বক্তব্যের জবাবে দায়িত্বপ্রাপ্ত সিইসি বলেন, আমরা যারা কমিশনে কাজ করি, তারা এ দেশের নাগরিক। যারা রাজনীতি করেন তারাও এদেশের নাগরিক। আমরা কেউ ভিন্গ্রহ থেকে আসিনি। তাই আমাদের সারা বছর গালি দেয়ার অধিকার তারা রাখেন না। তিনি বলেন, আমি প্রথমে মুসলমান, তারপর বাঙ্গালি এবং সর্বশেষ অসামপ্রদায়িক। এখানে কোনো কমেপ্রামাইজ নেই। তিনি আরো বলেন, ইসিকে গালি দেয়ার অধিকার রাজনৈতিক দল বা কারো নেই। যারা গালি দেবেন তারা ঢিল মারলে পাটকেল খাবেন। নির্বাচনকে দলীয় করার বিষয়টি উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত সিইসি বলেন, কোন প্রার্থীর দলীয় পরিচয় কমিশনের কাছে নেই। যারা আইন প্রণয়ন করেন এবং সরকার চালান তাদের উচিত বিষয়টি নিয়ে ভাবা। কমিশনের পক্ষ থেকে আইন প্রণেতাদের নিকট আবেদন থাকবে বিষয়টির একটা সুরাহা করার। সহিংসতার কারণে নির্বাচন স্থগিতের বিষয়ে তিনি বলেন, নির্বাচন স্থগিত হলে ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের ‘ডাবল’ কষ্ট করতে হয়। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থও ব্যয় হয়। পরবর্তী ধাপের নির্বাচনের বিষয়ে মোবারক বলেন, যে সব নির্বাচন হয়নি সেগুলোর মেয়াদ শেষ হবে আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। সিইসি এলে আমরা বসব। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। সহসা হচ্ছে না। কারণ এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা রয়েছে।