কুমিল্লা বিশ্ববিদ্যালয়
যুক্তির বর্ণমালায় মুক্তির কবিতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ১৮:২৫
যুক্তির আছে আলাদা বর্ণমালা, আলাদা শব্দ ও আলাদা ভাষা। এই আলাদা বর্ণমালা দিয়ে আলাদা শব্দের মাধ্যমে যুক্তির ভাষায় কবিতা রচনা করা যায়। সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাধারণ মানুষ তারা সবাই নিজ নিজ ভাষায় নিজের পরিবেশে কবিতা রচনা করেন। ঠিক তেমনি বিতার্কিকরা যুক্তির বর্ণমালায় রচনা করেন মুক্তির কবিতা। বুলেট নয়, বন্দুক নয়, যুক্তি দিয়ে যুদ্ধ জয়। সকল প্রতিহিংসার রাজনীতি, হানাহানি, স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম ও অপসাংস্কৃতির ছোঁয়া থেকে সমাজকে মুক্ত করে যুক্তিবাদী শান্তিময় সমাজ গড়ার প্রত্যাশায় চলছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ এই মন্ত্রকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের মধ্যে ১৩টি বিভাগ এ বিতর্কে অংশ নেয়।
২৩ ফেব্রুয়ারি দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস। ২৩ ফেব্রুয়ারি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। ঢাল নেই, তলোয়ার নেই, অশ্ব বাহিনী নেই, নেই সেনাবাহিনী তবুও যুদ্ধ হয় তুমুল। এ যুক্তির যুদ্ধে কেউ পিছিয়ে পরার নয়।
সকল বিভাগকে পিছনে ফেলে ২৫ ফেব্রুয়ারি ফাইনালে যুক্তির যুদ্ধে মুখোমুখি অর্থনীতি বিভাগ ও নৃবিজ্ঞান বিভাগ। ‘গণমানুষ জাগ্রত নয়’ এই বিষয়ে পক্ষে অর্থনীতি বিভাগ ও বিপক্ষে নৃবিজ্ঞান বিভাগের মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়। ফলাফল ঘোষণার আগের মুহূর্তেও দর্শকেরা দ্বিধায়, কারা জয়ী। কেউ তো কম যুক্তির সৈনিক নয়। ফলাফল ঘোষণা করলেন ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ। শেষ পর্যন্ত নিজেদের থলিতে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিল অর্থনীতি বিভাগ। রানার্স আপ নৃবিজ্ঞান বিভাগ।
ফাইনাল রাউন্ডে অর্থনীতি বিভাগের বিতার্কিক ছিলেন মোঃ ওমর ফারুখ, বিউটি নাহিদ সুলতানা, মোঃ জয়নাল আবেদীন রনি এছাড়াও দলে ছিলেন রেসাল আহমেদ চৌধুরী ও ফাতেমা। নৃবিজ্ঞান বিভাগের বিতার্কিক ছিলেন বিথী আক্তার, মোঃ আব্দুর রহমান, ইসরাত জাহান লিপা এছাড়াও দলে ছিলেন মোঃ ছফিউল্লাহ ও মোঃ শফিউল্লাহ।
প্রথম আন্তঃবিভাগ বিতর্ক নিয়ে ফাইনাল রাউন্ডের শ্রেষ্ঠ বক্তা ও অর্থনীতি বিভাগের দল নেতা মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘জ্ঞান চর্চার জন্য উপযোগী মাধ্যম হলো বিতর্ক।’ বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তিনি আনন্দ প্রকাশ করলেন।