‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’-এর উদ্বোধনী মঞ্চায়ন
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪২
তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়নের মধ্যদিয়েই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে। লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ অবলম্বনে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’-এর ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াত্ আহমেদ। ১৯১৬ সালে ‘দ্য প্রোভিন্সটাউন প্লে’স এ নাটকটি সর্বপ্রথম প্রকাশিত হয়। সেখান থেকেই পুনর্মুদ্রিত ইন্টারনেট সংস্করণ হতে এটি নেওয়া হয়েছে। বাংলা ভাষান্তরে নাম দেওয়া হয়েছে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং চট্টগ্রামের একটি নাট্যদলের মাধ্যমে বিভিন্ন সময়ে মঞ্চে উদ্ভাসিত হয়েছে।