দুই সিকিউরিটিজ হাউসকে ১২ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন অমান্য করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য সিলেট সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সিএসই’র আরেক সদস্য ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকেও ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের ৫১৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেড পরিদর্শন করে বিএসইসির একটি প্রতিনিধি দল। পরিদর্শক দলের দেয়া প্রতিবেদন অনুযায়ী সিলেট সিকিউরিটিজের বিরুদ্ধে মার্জিন চুক্তি ছাড়া বিনিয়োগকারীকে ঋণ সুবিধা দেয়া, শর্ট সেল এবং পরিচালককে ঋণ প্রদান করায় কমিশন ১০ লাখ টাকা জরিমানা করে। এছাড়া ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এক বিনিয়োগকারীকে গড় নেট ক্যাপিটালের ২৫ শতাংশের বেশি ঋণ প্রদান এবং ‘জেড’ ও ‘এন’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ দেয়ায় হাউসটিকে দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া সভায় ডেল্টা স্পিনার্সকে রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬০০টি সাধারণ শেয়ারের বিপরীতে ২ আর:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি) রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে ডেল্টা স্পিনার্স ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে বর্তমান স্পিনিং মিলের ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, যন্ত্রপাতি পুনঃস্থাপন ও সমপ্রসারণ (বিএমআরই), পণ্য বহুমুখীকরণ, স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের আংশিক পরিশোধ করবে কোম্পানিটি।