মতলব উত্তরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে কোন খেলার মাঠ নেই। উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭২টি। এর মধ্যে ১২০টি সরকারি ও ৫২টি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে ৩৩ শতক জমি থাকতেই হবে। কিন্তু এ উপজেলার অধিকাংশ বিদ্যালয়েরই পুরো ৩৩ শতক জমি দখলে নেই। হাইস্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলগুলোর জমি নিয়েও রয়েছে নানা জটিলতা। স্কুলের ভবন ব্যতীত অবশিষ্ট জমি থাকলেও তা রয়েছে অন্যের দখলে। বিদ্যালয়ের আশপাশ এলাকায় প্রচুর সরকারি খাসজমি থাকলেও মাঠের জন্য জমি বরাদ্দের কোনো উদ্যোগই নেই সংশ্লিষ্টদের। শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার লোকজন বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তৈরির জন্য নিয়মিতভাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন। কিন্তু এ উপজেলার শতাধিক স্কুলে খেলার মাঠ না থাকায় সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-আমীন জানান, এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো পরিকল্পিতভাবে নির্মাণ না করায় খেলার মাঠের সমস্যা দেখা দিয়েছে।