পৃথক ঘটনায় ছয়জন নিহত

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নাসিরনগরে গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুংগিয়াখাইল গ্রামে গত সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে ঝরনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। পুলিশ মঙ্গলবার ঝরনার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গা শহরের আলমডাঙ্গা রেলপথ সংলগ্ন একটি বাগান থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে মাঠে কর্মজীবী মানুষ বাগানের গাছের ডালে গলায় ফাঁস লাগানো লাশ দেখে পুলিশে খবর দেয়। চুয়াডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরণে ছিল গ্যাভার্ডিন কাপড়ের ছাই রঙের ফুলপ্যান্ট ও সাদার উপর স্টাইপ আঁকা কাপড়ের ফুলহাতার শার্ট। কুমিল্লায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে গত সোমবার নির্মাণাধীন একটি চারতলা ভবনে বিদ্যুত্স্পৃষ্টে রাসেল (২২) নামে এক ব্যক্তি মারা গেছেন। জানা যায়, বুড়িচং উপজেলা সদরে নির্মাণাধীন শেখ রাজ্জাক ম্যানশনের চারতলা ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার জন্য বিদ্যুতের তার টানার সময় ভবনের সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ভবন মালিকের পুত্র রাসেল (২০) ও তার চাচা মালয়েশিয়া প্রবাসী মো. জহিরুল ইসলামের (২৫) শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলে রাসেল মারা যায়। স্থানীয়রা জহিরকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নান্দাইলে ছাত্রীর লাশ উদ্ধার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে সুমি আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কিসমত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। আদিতমারীতে যুবককে হত্যা লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে গত সোমবার রঞ্জু মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার একই গ্রামের কসালতলা মোড় এলাকার জয়নাল মিয়া ও তার স্ত্রী ফাতেমা খাতুনকে পুলিশ আটক করেছে। আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহভাজন হিসেবে ফাতেমা ও তার স্বামী জয়নালকে আটক করা হয়েছে। রায়পুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার লক্ষ্মীপুরের রায়পুরে মো. মিজানের (৪৫) নামে এক বৈদ্যুতিক জেনারেটর ব্যবসায়ীর লাশ নিখোঁজের তিনদিন পর গত সোমবার ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, গত শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মিজান নিখোঁজ হয়। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম শনিবার সকালে থানায় সাধারণ ডাইরি করেন। নিহতের স্ত্রী ফাতেমা বলেন, তিনি জেনারেটর ব্যবসা ছাড়াও চরবংশী ইউনিয়নের স্টিলব্রিজ সংলগ্নে মাছের খামারের চাষ করতেন। স্থানীয় কয়েকজনের সাথে কয়েকদিন আগে এই মাছ চাষ নিয়ে ঝগড়া হয়।