পাঁচ স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

চাটমোহর, টঙ্গী, নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে বসতঘর, দোকান ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চাটমোহরে সাতটি ঘরে আগুন পাবনার চাটমোহরে গত সোমবার অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আগুনে উপজেলার বোয়ালমারী গ্রামে মোসলেম সরদার ও তার ভাই হোসেন সরদারের বাড়ির ৭টি ঘর, পেঁয়াজ, রসুন, গমসহ চৈতালী ফসল, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে যায়। মোসলেম সরদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গীতে ঝুট মার্কেটে আগুন গাজীপুর টঙ্গীর মিলগেট এলাকায় গত সোমবার ভোরে অগ্নিকাণ্ডে একটি ঝুট মার্কেটের ১৫টি ঝুটের দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়রা তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ারকর্মীরা প্রাথমিক ধারণা করছেন। নবাবগঞ্জে ১৩ দোকান ভস্মীভূত ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে কাপড়, কসমেটিক, ওষুধ ও মুদি দোকানসহ ১৩টি দোকান ভস্মীভূত হয়। এতে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ব্যবসায়ীরা জানান, বাজারের মামা-ভাগ্নে ফার্মেসী সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হয়ে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবরসহ থানা প্রশাসন ঘটনাস্থল পরির্দশন করেন। নবীনগরে দোকানে অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোনাঘাট বাজারে সোমবার রাতে অগ্নিকাণ্ডে একটি মনোহরী দোকান পুড়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। হালুয়াঘাটে পাঁচ দোকান ভস্মীভূত ময়মনসিংহের হালুয়াঘাটে অগ্নিকাণ্ডে গতকাল মঙ্গলবার রাতে জয়িতা মহিলা মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মালাবার্তা আরেং, আমেনা বেগম, হোসনে আরা, রেবেকা সুলতানা ও রহিমা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরীন পারভীনের সাথে কথা বলে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষাধিক টাকা হবে। বিষয়টি নিয়ে তিনি ত্রাণ অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়কে অবহিতকরণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।