সংবাদ সংক্ষেপ

নওগাঁয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন নওগাঁ প্রতিনিধি \ “দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ই-সেবা বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হাইয়ুল কাইয়ুম। সোমবার বিকেলে নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের উপ-সচিব ডঃ শাহ মোঃ সানাউল হক। পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদ উল সহিদ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল পরিদর্শন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং হবিগঞ্জ প্রতিনিধি \ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জানানো হয় আগামী ৫ এপ্রিল হবিগঞ্জ জেলায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোরেলগঞ্জ পৌরসভা উন্নয়ন ফোরামের মতবিনিময় মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল মঙ্গলবার ‘মোরেলগঞ্জ পৌরসভা উন্নয়ন ফোরামের’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভা উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার। সভায় বক্তব্য রাখেন, পৌরসভা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, সোহরাব হোসেন পাহলান, আলমগীর হোসেন বাদশা, কৃষ্ণ কান্ত পাল, মো. ফারুক শরীফ, মাস্টার শহিদুল ইসলাম, ফারুক হোসেন, আবদুল্লাহ আল সুমন, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কেএম শহিদুল ইসলাম প্রমুখ। তারাগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ/১৪ইং উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, মেডিক্যাল অফিসার আলেমুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক, স্যানিটারী ইন্সপেক্টর মমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক বিব্রত কুমার দত্ত প্রমুখ। নাঙ্গলকোট হলি ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া অনুষ্ঠান নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট হলি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল উর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ সোলাইমান, সাখাওয়াত হোসেন শাহিন, অধ্যাপক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাসাইলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত সোমবার টাঙ্গাইলের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রী মহাবিদ্যালয়ের ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এমদাদ আলী খানের ১৪তম মৃত্যুবার্ষিকী এবং কলেজের সাবেক সভাপতি সদ্য প্রয়াত কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান এমপি’র স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কলেজের ক্যাম্পাসে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য ও টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান খান, পৌর মেয়র মজিবর রহমান, পৌর কাউন্সিলর শাহ আলম (ভেবল), ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মফিজুর রহমান প্রমুখ। বদরগঞ্জে ফ্রি চিকিত্সা প্রদান বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি এলাকার ৭৩০জন অসহায়-দুস্থ রোগীদের ফ্রি চিকিত্সা দেয়া হয়েছে গত সোমবার। রংপুর প্রাইম মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাঃ ফেরদৌস রহমান পলাশসহ বিভিন্ন বিভাগের ৮জন চিকিত্সক চিকিত্সা প্রদান করেন। দুপুরে ওই ফ্রি চিকিত্সা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ বেগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার শহিদুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ূব আলী সরকার, দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক, আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল হক প্রমুখ। পিরোজপুরে সরকারি আইন সহায়তা কার্যক্রম বিষয়ক মাসিক সভা পিরোজপুর অফিস \ অতিদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে গত সোমবার বিকেলে “সরকারি আইন সহায়তা কার্যক্রম” বিষয়ক এডভোকেসী ও জেলা আইনগত সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ এডভোকেসী সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি এডভোকেট কানাইলাল বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মন্ডল প্রমুখ। মেহেরপুরে প্রতিবন্ধীদের হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত মেহেরপুর প্রতিনিধি \ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত সোমবার মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল হক, শহর সমাজ সেবা প্রকল্পের সহকারী পরিচালক শাহনাজ পারভীন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম প্রমুখ। শেরপুরে পুকুর খননকালে বিষ্ণু মূর্তি উদ্ধার শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়র শেরপুরের উচরং গ্রামে একটি পুকুর খননকালে উদ্ধার করা হয়েছে একটি বিষ্ণু মূর্তি। গত রবিবার সন্ধ্যা ৬টায় পুলিশ এটি উদ্ধার করে। জানা যায়, ওই গ্রামের জনৈক গোলাম কিবরিয়ার পুকুর খনন করার সময় শ্রমিকেরা মূর্তিটি পায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশের এস আই আবদুল মজিদ তা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, মূর্তিটি উচ্চতায় দুই ফুট এবং ওজন কমপক্ষে ২০ কেজি। মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা তিনি এখনও নিশ্চিত হতে পারেননি। সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ২০১৩ সালের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিলেন উদ্যোক্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার প্রায় ৪৪ প্রতিষ্ঠানের ১৯২জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ সংবর্ধনা দেয়া হয়। পীরগঞ্জ মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার রায়পুরস্থ পীরগঞ্জ মহাবিদ্যালয়ে ওই অনুষ্ঠান হয়। এতে উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু প্রধান অতিথি ও রংপুর জেলা আ’লীগের শিক্ষা-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু আমন্ত্রিত অতিথি ছিলেন। মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, উপাধ্যক্ষ একেএম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী প্রমুখ। দেওয়ানগঞ্জে নারীর রূপান্তরিত বিষয়ে মত বিনিময় দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গত সোমবার নারীর রূপান্তরিত নেতৃত্বে ধারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ বকসীগঞ্জ দুই উপজেলার সাংবাদিকদের নিয়ে দেওয়ানগঞ্জ অক্সফামের সহযোগিতায় গণচেতনা এ সভার আয়োজন করে। রূপান্তরিত নারী নেতৃত্ব বিষয়ক ধারণায়ন. নারী আড্ডা প্লাটফর্ম সর্বস্তরের নারীদের অংশগ্রহণ, ট্রান্সফরমেশনাল লিডারশীপ, নারী অবস্থানান্তরকরণ, ক্ষমতার উত্স নিয়ে গণচেতনা রি-কল মুক্তা রানী রায়ের সঞ্চালনায় গণচেতনা কর্মকর্তা ফাতেমা নার্গিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন রি-কল পিসি শ্যামল রায়, সাংবাদিক মদন মোহন ঘোষ, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম এলান প্রমুখ। তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে ৪৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনসুর রহমানের (কমল) সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মসিউর রহমান (বাবু)। প্রধান অতিথি ছিলেন উপজেলার তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগের সফল জি.এস শ্রী বজেন্দ্রনাথ কুমার শাহ। আদিতমারীতে বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের উপর বখাটেদের হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আসম রওশন নবী মোহন, মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারওয়ার আলম, সারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মিয়া, শিক্ষক সমিতির সম্পাদক মোজাম্মেল হক ও সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। নিয়ামতপুরে সার ও বীজ বিতরণ মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নিয়ামতপুরে উন্নত জাতের আউশ ধান উত্পাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উন্নত জাতের আউশ ধানের বীজ ও সার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি নিয়ামতপুর থানার নির্বাহী অফিসার মো. সাজ্জাদুল হাসান উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুজ্জামান মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, ভাইস চেয়ারম্যান লেয়াকত আলী ও আনোয়ারা খাতুন। ডিমলায় চাষিদের মাঝে পাটবীজ বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল মঙ্গলবার পাট চাষিদের মাঝে উচ্চ ফলনশীল জাতের পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। পাটবীজ উত্পাদন ও উন্নত পাট পচন প্রকল্পের তালিকাভুক্ত ১ হাজার চাষিকে ৩টি করে ৭৫০ গ্রামের উফশী জাতের বীজের প্যাকেট দেয়া হয়। পাটবীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান। এ সময় উপজেলা পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানীসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিরামপুরে ছাত্রীদের উপবৃত্তি বিতরণ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক ও সমমানের ২৪১ জন ছাত্রীর মাঝে গতকাল মঙ্গলবার ৪ লাখ ২৩ হাজার ৪৫০ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। উপবৃত্তির উদ্দেশ্যকে সফল করার আহবান জানিয়ে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। উলিপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কর্মশালায় পৌরসভার কাউন্সিলর,এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসো দেশ গড়ি সংস্থার প্রধান নির্বাহী ফিরোজ আলম। প্রিফ ট্যুরিস্ট-এর উপপরিচালক শেফালী বেগমের সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন জেন্ডার এন্ড গর্ভামেন্স, প্রিফ ট্যুরিস্ট-এর পরিচালক শিরিন বানু ও উপপরিচালক রোকেয়া জেবিন কাবেরী। ঈশ্বরগঞ্জে নারী মত্স্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ি ভিত্তিক পুকুরে মাছ চাষ ও পাড়ে শাকসবজি চাষে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে নারী মত্স্য চাষীদের দু’ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ প্রশিক্ষণে বসতবাড়ি ভিত্তিক পুকুরে কার্প জাতীয় মাছ চাষের সাথে পুষ্টি সমৃদ্ধ মলা মাছ চাষের উপর প্রশিক্ষণ দেন ওয়ার্ল্ডফিস সিসা বিডি প্রকল্পের এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট অফিসার মো: হাবিবুর রহমান ও হর্টিকালচার ডেভেলপমেন্ট অফিসার কাজল কুমার বসাক। শ্যামগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের শাখা উদ্বোধন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জ বাজারে প্রিমিয়ার ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান গত সোমবার প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরহাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক জুলফিকার হায়দার, জেনারেল সার্ভিস ডিভিশনের অফিসার জুলফিকার আলী শাহ ফকির, আবুল মনসুর সরকার, মতিয়ার রহমান খান প্রমুখ। মহাদেবপুরে শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে গত সোমবার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ আফানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার (নান্নু), বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান মনির, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। বাঞ্ছারামপুরে বিদ্যুত্ লাইন উদ্বোধন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা কান্দাপাড়া কানাইনগর,খোশকান্দি চরছয়ানী গ্রামে গত সোমবার উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম বিদ্যুত্ লাইন উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এতে ব্যয় হয় প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা। বিদ্যুত্ উদ্বোধনের পর উক্ত এলাকার ১ হাজার ২ শ’ ২১ জন গ্রাহক বিদ্যুত্ সুবিধা পাবে ।