ডিম ফাটিয়ে প্রতিবাদ

ডিমের সঠিক মূল্য, লেয়ার খামারে বীমা, স্বল্প সুদে ঋণ, বিদ্যুত্ এর মূল্য কমানো, মুরগির খাদ্যমূল্য কমানো, ওষুধের দাম কমানো, খামারে উত্পাদিত ডিম রপ্তানির ব্যবস্থা করণের দাবিতে গতকাল মঙ্গলবার ধামরাইয়ের ঢুলিভিটায় ঢাকা-আরিচা মহাসড়কের এক স্থানে পোল্ট্রি ক্ষুদ্র খামারিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ মিছিল ও রাস্তায় হাজার হাজার ডিম ভেঙ্গে তারা তাদের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এসময় ঢুলিভিটার ঢাকা-আরিচা মহাসড়ক ভাঙ্গা ডিমে সয়লাভ হয়ে যায়। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, আব্দুল আজিজ মাস্টার, মোঃ হান্নান, মনির হোসেন প্রমুখ। ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে পোল্ট্রি শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভৈরব ও পার্শ্ববর্তী উপজেলার পোল্ট্রি শিল্প এসোসিয়েশন ও ক্ষুদ্র খামারিরা। স্থানীয় দুর্জয় মোড় এলাকায় ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর আশুগঞ্জ, রায়পুরা ও বেলাব থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয়। খামারিরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ করেন। তারা সড়কে হাজার হাজার ডিম ভেঙ্গে প্রতিবাদ জানায়। সিন্ডিকেট করে শিল্পকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে। এ শিল্পকে রক্ষার দাবি জানান এসোসিয়েশনের নেতারা। সাভার থেকে রিপোর্টার জানান, ভারত থেকে ডিম আমদানি বন্ধ ও পোল্ট্রি খাদ্য উপাদানের মূল্য কমানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ধামরাইয়ের পোল্ট্রি খামার মালিকরা। গতকাল বেলা সাড়ে এগারটার দিকে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে অবরোধ তৈরি করেন উপজেলার ৫ শতাধিক খামারি। এসময় উত্পাদন খরচের চেয়ে ডিমের বিক্রয় মূল্য কম হওয়ায় মহাসড়কের উপর ২০ হাজার ডিম ধ্বংস করেন ক্ষুব্ধ খামারিরা। প্রান্তিক ক্ষুদ্র খামারিদের রক্ষায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেন খামারিরা। পুলিশ খামারিদের সড়ক থেকে সরিয়ে দেয়। খামার মালিকরা মহাসড়কের পাশে সমাবেশ করেন। তারা বলেন, প্রতি একশ’ ডিম উত্পাদনে একজন খামার মালিকের ৭শ’ টাকা খরচ হয়। প্রায় ৩ মাস ধরে প্রতিশ’ ডিম সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রয় করতে হচ্ছে। বৈধ ও অবৈধ দু’ভাবেই ভারত থেকে এদেশে ডিম আনা হচ্ছে। এসময় ভারত থেকে ডিম আমদানি বন্ধ ও দেশীয় ডিমের মূল্যবৃদ্ধি, সকল কোম্পানির বাণিজ্যিক খামার বন্ধ, স্বল্প সুদে ঋণ, লেয়ার খামারিদের বীমার সুযোগ, ক্ষুদ্র খামারিদের উত্পাদিত ডিম বিদেশে রপ্তানির ব্যবস্থা করার দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন আব্দুল মজিদ মাষ্টার, নূর মোহাম্মদ আলী প্রমুখ ।