শিষ্টাচারের একটা লেভেল মেনে চলা উচিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বয়স, বক্তব্য এবং কর্মদক্ষতা নিয়ে পরিকল্পনামন্ত্রীর অপ্রীতিকর বক্তব্যের জবাব দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, মন্ত্রীদের শিষ্টাচারের একটা লেভেল মেনে চলা উচিত। প্রথমে কোন প্রতিক্রিয়া দিতে না চাইলেও পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী সোমবার অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের পেনশন নেন। তাই তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন বলেও করেননি। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পরিকল্পনামন্ত্রী ভুল তথ্যের ওপর বক্তব্য দিয়ে ফেলেছেন। আমি সরকার ছাড়া কারও কাছ থেকেই পেনশন নেই না। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক আমাদের অপমান করেছে, সে কারণে বলেছিলাম মামলা করব। বিশ্বব্যাংক আমাদের সর্ববৃহত্ উন্নয়ন অংশীদার। মন্ত্রী হিসেবে মামলা করাটা শিষ্টাচার বহির্ভূত। আমি যখন মন্ত্রী থাকব না তখন করব।’ চলতি (২০১৩-১৪) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বিষয়ে গেল কয়েক মাস ধরে পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীর মধ্যে টানাপোড়েন চলে আসছে। অর্থবছরের মাত্র কয়েকমাস বাকি থাকলেও বরাদ্দের কোন সুরাহা হয়নি। বাস্তবায়নকারী সংস্থাগুলোর চাহিদা অনুসারে ৬০ হাজার ৫৮২ কোটি টাকা বরাদ্দ চান পরিকল্পনামন্ত্রী। অন্যদিকে রাজস্ব ঘাটতি ও বাস্তবায়ন সক্ষমতার ভিত্তিতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চান অর্থমন্ত্রী। পারিকল্পনামন্ত্রী সোমবার বলেছিলেন, প্রতিবছর অর্থমন্ত্রী বিশাল বাজেট দেন। তিনি বাজেট পড়তে পড়তে শুয়ে পড়েন। কিন্তু বাজেট বাস্তবায়ন করতে পারেন না। এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমার মত হচ্ছে, আমি কতো পয়সা রোজগার করি সে অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। প্রতি বছরই এটা হয় (এডিপি সংশোধন করে কমানো হয়), এটা স্বাভাবিক বিষয়।’ পিপিপি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা ওনার দুর্বলতা। পিপিপি একটি আন্তর্জাতিক ধারণা। আমি বাংলাদেশে এটা সৃষ্টি করি নাই।’