রেমিটেন্স কমায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন হবে না :অর্থমন্ত্রী

আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এছাড়া দশম সংসদ নির্বাচনকে কেন্দ করে তিন মাসের অধিক সময় ধরে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের কারণে চলতি অর্থবছরে বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ-বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৯ হাজার ২০৬ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থ বছরের তুলনায় ৬৮৫ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার কম। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ করে সহিংসতার কারণে নির্বাচন পূর্ববর্তী তিন মাস ও পরবর্তী কিছু সময়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাধাগ্রস্ত হয়েছে। সহিংস ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে সরকার গত চার বছর অর্জিত উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য কৃষি, শিল্প ও ব্যবসায়ীদের উত্পাদন ও রপ্তানি পর্যায়ে কিছু রাজস্ব আর্থিক সুবিধা প্রদান করছে। পাঁচ মোবাইল অপারেটর আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, টেলিটক বাদে দেশের অন্য পাঁচটি মোবাইল অপারেটর (২০১২ সালের জুন পর্যন্ত) দুই হাজার ৫৪৭ দশমিক ১৪ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। মোবাইল অপারেটরগুলো হলো—গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। মোবাইলের কলচার্জ কমানোর পরিকল্পনা নেই টিএন্ডটি মন্ত্রী লতিফ সিদ্দিকী এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট এখন বাংলাদেশে। বিটিআরসি হতে মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা হতে ২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।