বাংলাদেশ থেকে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে দেড় লাখ কৃষি শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার স্বারাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা বলেন। সাক্ষাত্কালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের যে সকল শ্রমিক এখনো বৈধতা পায়নি তাদের বৈধতা দেয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে আরো বেশিসংখ্যক শ্রমিক নেয়ার আহবান জানান। বৈঠকে বেসরকারি পর্যায়ে বাংলাদেশী শ্রমিক নেয়ার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়াকে বাংলাদেশের পুরনো বন্ধু হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই প্রথম ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দু’দেশের সর্ম্পকের যে দৃঢ়ভিত্তি গড়ে উঠে তার উপর নির্ভর করেই পারস্পরিক সর্ম্পক আরো শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৭ থেকে ১৯ নভেন্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে তার এই সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মালয়েশিয়ান এয়ার লাইন্সের নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নৌবাহিনীর জাহাজ ও টহল বিমান পাঠিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধানে সহায়তা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নিখোঁজ বিমানের যাত্রীদের সমবেদনা জানিয়ে তার দেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো পত্রটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাম্বসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চেম্বারে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম অফিস জানায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি বলেছেন, মালয়েশিয়াতে প্লানটেশন খাতে বাংলাদেশ থেকে ১ লক্ষ ৫০ হাজার শ্রমিক নেয়া হবে। সে দেশে কর্মরত ১৪ লক্ষ রেজিস্টার্ড বাংলাদেশি শ্রমিকের পাশাপাশি ২ লক্ষ ৬৭ হাজার শ্রমিক অবৈধভাবে বসবাস করছে। মালয়েশিয়ান সরকার তাদেরকে বৈধ হওয়ার সুযোগদানের জন্য এ্যামনেস্টি পরিকল্পনা হাতে নিয়েছে। তাছাড়া মালয়েশিয়ান সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস সহজ করা এবং পূর্বের ন্যায় এরাইভাল ভিসা চালু করার চিন্তা-ভাবনা করছে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের পরিচালক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মালয়েশিয়া সরকারের পারমানেন্ট সেক্রেটারি জল সামিয়ন প্রমুখ।