বিজেপিকে ঠেকাতে সিপিএমের হাত ধরার ইঙ্গিত কংগ্রেসের
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৯
এবার লোকসভা নির্বাচনের পর ১৯৯৬ সালের পরিসি্হতি তৈরী হতে পারে। তাই নির্বাচনের পর বিজেপিকে ক্ষমতা থেকে দুরে রাখতে ধর্ম নিরপেক্ষ সরকার গড়তে সি পি এমের এগিয়ে আসা উচিত। রবিবার রাতে কেরলের তিরুবান্ত্রাপুরমে দলীয় সভায় এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা এ কে এন্থনি।
তিনি বলেন, ১৯৯৬ সালে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ দল হয়েছিল। কিন্তু ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে কংগ্রেস দেবিগৌড়াকে সমর্থন করেছিল। তাঁর নেতৃত্বে বিজেপিকে বাদ রেখে ভারতে সরকার হয়েছিল। এবার সি পি এমের সেটাই করা উচিত। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং তামিলনাডুর জয়ললিতার প্রতি ইঙ্গিত করে বলেছেন প্রয়োজনে বিজেপিকে দূরে রাখতে কংগ্রেস আঞ্চলিক বৃহত্তম দলকেও সমর্থন করতে পারে।
উল্লেখ্য, নির্বাচন পূর্ববর্তী সমীক্ষাগুলোতে মমতা ব্যানার্জির তৃনমূল কংগ্রেসকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ প্রসঙ্গে সি পি এম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছেন, নির্বাচনের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। আর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, বিজেপিকে দূরে রাখতে ২০০৪ সালের মত নির্বাচনের পর বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করতে পারে সি পি এম।