অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হতে পারে
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০০
গার্মেন্টস কারখানার নিরাপত্তা মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ব্যয়ভার বহন করতে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি আকারের অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার তাদের প্রকাশিত আউটলুকে এ আশংকার কথা জানানো হয়।
এতে বলা হয়, গত দুই বছরে গার্মেন্টস খাতে বড় একাধিক দুর্ঘটনার পর নানামুখী চাপের কারণে নিরাপত্তা মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হয়েছে। এ জন্য অনেক টাকা খরচ করতে হবে। দেশের সাড়ে চার হাজার গার্মেন্ট কারখানার প্রায় অর্ধেকই ক্ষুদ্র ও মাঝারি আকারের। এসব কারখানা বড় কারখানার কাছ থেকে সাবকন্ট্রাকটিংয়ের মাধ্যমে কাজ করে থাকে। কিন্তু নিরাপত্তা মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গিয়ে তারা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়বে। এর ফলে তাদের কারখানা বন্ধ করা বা বড় কারখানার সঙ্গে একীভূত হওয়ার প্রয়োজন হতে পারে।
কারখানার অগ্নি ও ভবনের নিরাপত্তা মান পরীক্ষা করতে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের উদ্যোগে আলাদা দুটি জোট বর্তমানে কারখানা পরিদর্শন করছে। পরিদর্শন শেষে কারখানার মান উন্নয়নে দীর্ঘ মেয়াদে সহায়তা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা ও গার্মেন্টস মালিকদের সমন্বয়ে এই খাতের কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।