তিন ঘণ্টার ব্যবধানে চার ব্যক্তি অপহরণ
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০১
নোয়াখালীর চাটখিলে গতকাল মঙ্গলবার ৩ ঘন্টার ব্যবধানে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ীসহ ৪ যুবক অপহরণের শিকার হয়েছেন। অপহূতরা হলেন উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী শহিদ উল্যাহ (৩৫), গোমাতলী গ্রামের আলী মিয়ার ছেলে যুবদল কর্মী জাহাঙ্গীর আলম (২৮), রুহিতখালী গ্রামের ব্যবসায়ী লিখন (২২) ও সাজু (২৪)। বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে এসকল অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অপহূতদের পরিবার ও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা নুরুল হুদা খোকন পাটওয়ারীসহ এলাকাবাসী জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি সিএনজি ও দুটি মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে যুবলীগ কর্মী শহিদ উল্যাহকে তার নাজির কাচারী বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রামনারায়ণপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু জানান, বেলা ২টার সময় সন্ত্রাসীরা আবু সাইদ মার্কেট সংলগ্ন খেজুরতলা এলাকার ব্যবসায়ী লিখন ও সাজুকে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা স্থানীয় স্টার ব্রিক ফিল্ড অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এছাড়া বেলা সাড়ে ৩টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামে ৩টি মোটরসাইকেল যোগে এসে ৮/৯ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে যুবদল কর্মী জাহাঙ্গীর আলমকে অপহরণ করে লক্ষ্মীপুরের দিকে নিয়ে যায়। তবে অপহূতদের মধ্যে লিখন ও সাজুকে পরে সন্ত্রাসীদের কাছ থেকে এলাকাবাসী উদ্ধার করে আনে। বাকি দুই জনের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল সাংবাদিকদের জানান, অপহূতদের মধ্যে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তিনি কিছুই জানেন না। কেউ কোন অভিযোগও দেয়নি।