এবারে বাংলাদেশের চলচ্চিত্রে মিঠুন-পাওলি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
অনন্য মামুনের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবিতে কলকাতার অংকুশ ও শুভশ্রীর পর এবারে আরেকটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে আসছেন মিঠুন ও পাওলি দাম। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে শুরু থেকেই উদ্যোগী ভূমিকা পালন করে আসা ব্লকবাস্টার সিনেমা এই ছবির প্রযোজনায় থাকবেন বলে জানা যায়। তবে এখনও এর কোনো কিছুই চূড়ান্ত নয়। এরই মধ্যে কলকাতার প্রযোজক ও ডিস্ট্রিবিউটরদের সাথে কথা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তারকা সিলেকশনের ব্যাপারে সব কথাবার্তাই চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, এ দেশের শুরুর দিককার যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অবিচার’-এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন পর আবারও এই যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে বাংলাদেশি দর্শকেরা তাকে দেখতে পাবেন। চূড়ান্ত অনুমতি ও প্রয়োজনীয় কাগজাদি সংগ্রহ না করার কারণে এখনই এর নির্মাতা সবকিছু জানাতে চাইছেন না। তবে ঢালিউড ও টলিউডের সমান সংখ্যক শিল্পীদের নিয়েই এই চলচ্চিত্র নির্মিত হবে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন ও অন্যান্য কাজে পাওলী দাম ঢাকায় ঘুরে গেছেন। সবকিছু চূড়ান্ত হলে তারা দুজনই এ বছরের মাঝামাঝি সময়ে শুটিংয়ের জন্য আসবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়।