বাবার গানে এবার ছেলের কণ্ঠ
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৯
ছবির শুটিং বা রিলিজের কোনো চূড়ান্ত তারিখ ঘোষিত না হলেও তরুণ নির্মাতা আতিকুর রহমানের রিমেক চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’র গান রেকর্ডিং ও অন্যান্য কাজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এ ছবির প্রথম ভার্সনে জনপ্রিয় গান ‘ও দাদী, ও দাদী’ গানটি খালিদ হাসান মিলুর কণ্ঠে ও সালমান শাহর লিপে ধারণ করা হয়েছিল। আর রিমেক ফিল্মে গানটি মিলুপুত্র প্রতীক হাসানের কণ্ঠে এবং চিত্রতারকা নিরবের লিপে ধারণ করা হবে। গানটির কম্পোজিশন করবেন আরফিন রুমী।
গানটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমার মনে হয়, এটা দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। আমি হুবহু ফ্রেম টু ফ্রেম কাজ করছি না। সময়ের প্রয়োজনেও মূল গল্পটাকে অনেকটা ঠিক রেখে আরও আধুনিক করেছি। এ মাসের শেষ দিকে দ্বিতীয় দফার শুটিং শুরু করব।’