স্বাধীনতা দিবসে প্রজন্ম শিশু পাঠশালার আয়োজন

‘প্রজন্ম শিশু পাঠশালা’ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রজন্ম শিশু পাঠশালা বিদ্যাসাগর উন্মুক্ত পাঠাগারের একটি সহ-শিক্ষা কার্যক্রম। ‘বিদ্যাসাগর উন্মুক্ত পাঠাগার’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সামাজিক বন বিভাগের ভিতর একটি চৌচালা টিনের ঘরে বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে ‘প্রজন্ম শিশু পাঠশালা’। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রজন্ম শিশু পাঠশালায় পাঠদান করান। বিশ্ববিদ্যালয়ে পাশ্ববর্তী এলাকার শিশুদের সঠিক দিকনির্দেশনা প্রদানপূর্বক শিক্ষাদান এই পাঠশালার শিক্ষকদের একমাত্র প্রত্যাশা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পাঠশালার শিশুদের মাঝে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বন বিভাগে প্রজন্ম শিশু পাঠশালা পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।