ডিএসই’র লেনদেন বেড়েছে ৫৯ ভাগ
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২০:৩৫
গতকাল বুধবার হঠাত্ করে শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৫৯ ভাগ বেশি। এদিকে ১৫ কার্যদিবস পর ডিএসইর লেনদেন পাঁচশ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইডিএলসি’র বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বড় মূলধনী কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আয়ের প্রত্যাশা বাড়ায় এ কোম্পানিগুলো ঘিরে বেশি লেনদেন হয়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৮৫ লাখ ১০ হাজার টাকা বেশি। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে ডিএসই কর্তৃপক্ষ। সামপ্রতিক সময়ে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ অনুসন্ধানের জন্য কোম্পানিটির শেয়ার লেনদেন গতকাল স্থগিত করা হয়। এর আগে গত ৩০ মার্চ ডিএসই এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। এরপরও দর বৃদ্ধির শীর্ষেই ছিল কোম্পানিটি।