সিএনজি’র উপর নতুন করারোপ না করার আহ্বান
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২০:৩৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আসছে ২০১৪-১৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করেছে। গতকাল বুধবার এই আলোচনায় অংশ নিয়ে সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও সিএনজি কনভার্সন ওনার্স অ্যাসোসিয়েশন এই খাতের উপর নতুন করে আয়কর বা মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ না করার আহ্বান জানিয়েছে।
এনবিআরের সভাকক্ষে আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ড. গোলাম হোসেন।
আলোচনায় অংশ নিয়ে সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের মহাসচিব আমিনুর রহমান মিষ্টি বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট ১৫ শতাংশের স্থলে ৬ শতাংশ করা এবং উত্পাদনস্থলে আরোপিত ভ্যাট থেকে অব্যাহতির প্রস্তাব দেন।
এডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি রামেন্দু মজুমদার এই খাতের কমিশনের উপর আরোপিত দুই ধাপে ভ্যাটের হার অর্ধেকে নামানোর প্রস্তাব করেন।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গণি পাঠাগারে দেয়া অনুদানে আয়কর অব্যাহতি দেয়া, কাগজের আমদানিতে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে কোন বাজেটে তাদের প্রস্তাব গৃহীত হয়নি।
বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান দেশীয় কাগজ শিল্পকে রক্ষায় বাজেটে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন।
আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হিলালী, সাময়িকী প্রকাশক সমিতির সাবেক সভাপতি ড. শহীদ উল্লা আনসারি, মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধি আ ফ ম শাহ আলম, সোলার এন্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দীপাল বড়ুয়া প্রমুখ।