আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি মাহমুদ আব্বাসের
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২০:৫৮
জাতিসংঘের বিভিন্ন সংস্থায় আবারো যোগ দেয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে তিনি একথা বলেন। এর আগে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত সদরদপ্তরে এক বৈঠকে বিভিন্ন সংস্থায় যোগদান করার এক অনুরোধপত্রে স্বাক্ষর করেন আব্বাস। এছাড়া ইসরাইলের বসতি স্থাপনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের এ উদ্যোগের ফলে ইসরাইলের সাথে ভেস্তে যেতে বসা শান্তি আলোচনাকে এগিয়ে নিতে ফিলিস্তিনের ওপর যুক্তরাষ্ট্রের যে চাপ ছিল সেখান থেকে কিছুটা হলেও সরে যেতে পারে দেশটি। সাক্ষাত্কারে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, তার দেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘের ১৫টি সংস্থার সদস্যপদ লাভ এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাগুলোতে শীঘ্রই সদস্যপদ চেয়ে দাবি জানানো হবে-বলেন তিনি। এ উদ্যোগ আমেরিকা বা কোন দলের বিরুদ্ধে নয়, এটি আমাদের অধিকার বলে জানান আব্বাস। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর চাপ সৃষ্টি হল। আব্বাস আরো বলেন, আমরা এমনটা করতাম না। কিন্ু্ত শেষ ব্যাচে তারা আমাদের বন্দীদের মুক্তি দেয়ার যে প্রতিজ্ঞা করেছিল সেটি তারা রক্ষা করতে পারেনি। গত বছর জুলাইতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই দেশের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেয়।