তেল বন্দর অবরোধ প্রত্যাহারে লিবীয় বিদ্রোহীদের সম্মতি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২০:৫৮
লিবিয়ার পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত বিদ্রোহী গ্রুপের নেতৃবৃন্দ সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি করতে রাজি হয়েছে। সমঝোতা অনুযায়ী তারা তেল বন্দর থেকে কয়েকদিনের মধ্যে অবরোধ উঠিয়ে নিবে।
বিদ্রোহী গ্রুপের নেতা ইব্রাহীম জাথরান তাদের নিয়ন্ত্রিত এক টেলিভিশন চ্যানেলে মঙ্গলবার বলেন, তারা সরকারের সঙ্গে এক সমাধানে পৌঁছেছেন। এর মাধ্যমে তারা আশা করছেন, এ সমস্যার একটা সমাধান হবে। তিনি বলেন, এই চুক্তি শুধু তাদেরকেই মনক্ষুণ্ন করবে, যারা সত্যিকার অর্থে এই সমস্যার কোন সমাধান চান না। যারা লিবিয়ার ভালো চান না। তবে এটা সেইসব নাগরিকের জন্য আনন্দের খবর , যারা এ দেশটার ভালো কামনা করেন। আর আমরা এ জন্যই আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিদ্রোহী গ্রুপের স্বঘোষিত প্রধানমন্ত্রী আব-রাব্বো আল-বারাসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তেল বন্দরের বিষয়টি খুব শীঘ্রই সমাধান হবে। আমরা সরকারের সঙ্গে এ ব্যাপারে আলাপ-আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছি। বারাসি আরো বলেন, সরকারের একটি প্রতিনিধি ওই গ্রুপের ঘাঁটি আজদাবিয়ায় দুই-একদিনের মধ্যে যেতে পারে বলে আশা করা হচ্ছে। গত আগস্ট মাস থেকে এই বিদ্রোহীরা তিনটি তেল বন্দর দখল করে আছে।