প্রখ্যাত উপন্যাসিক জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাস থেকে নির্মিত হলো টিভি নাটক। যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান প্রমুখ।
কালজয়ী এই লেখকের লেখা রোম্যান্টিক উপন্যাস থেকে চিত্রনাট্য করে সাজিয়ে শেষ বিকেলের মেয়ে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। তিনি বলেন, ‘আমি সাহিত্য নির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্য কর্ম নিয়ে কাজ করেছি। তবে শেষ বিকেলের মেয়ে নামটি পরিবর্তন হতে পারে। উপন্যাসের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে কাজটি করেছি। দু-দিন আগে শুটিং শেষ করেছি। ঈদে প্রচার হবে এনটিভিতে।’
জহির রায়হানের অনেক সাহিত্য আগে পড়লেও তাঁর সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন ইরফান সাজ্জাদ। কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত। তিনি বলেন, ‘ঠিকঠাকভাবে ধরে ধরে কাজটি হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। ৪ দিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম পুরোপুরি স্ট্যান্ডার্ড একটি কাজ হয়েছে।’