ডা. প্রাণ গোপাল দত্তের জার্মানি সফর

বাংলাদেশ থেকে চিকিত্সক নিতে আগ্রহ প্রকাশ ও প্রশিক্ষণের আশ্বাস

গত ২৯ মার্চ জার্মানীর ডোসেল ডরফ পার্লামেন্ট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জার্মান এনজিও ‘ফর বাংলাদেশ’-এর প্রতিনিধিদের ‘স্বাস্থ্য উন্নয়নে কি ভূমিকা রাখা যায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পার্লামেন্ট সভাপতির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. আরিক উনাল-এর সাথে দুই দেশের স্বাস্থ্য সমস্যা নিয়ে মতবিনিময় হয়। এক পর্যায়ে ডা. উনাল তার প্রদেশে ডাক্তারের সঙ্কটের কথা উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে তারা ভিয়েনা ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ডাক্তার নিয়োগ দেন। এ ব্যাপারে জার্মান ভাষার উপর জ্ঞান থাকলে তারা বাংলাদেশ থেকেও ডাক্তার নিতে পারেন। এ ব্যাপারে শিগগিরই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। ওই দিন বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং জার্মানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার এবং এনজিও ‘ফর বাংলাদেশ’র প্রতিনিধিসহ সেন্ট আন্না হাসপাতাল হেম-এ পরিদর্শনে যান। সেখানে বিভাগীয় চেয়ারম্যান হেমাটোলজি এবং অনকোলজি অধ্যাপক ডা. ইউলরিচ গ্রাইভেন, নিউরোলজি প্রধান অধ্যাপক কার্ল আলব্রিচট হায়েন্স, গ্যাস্ট্রোলজি বিষয়ক বিশেষজ্ঞ চিকিত্সক অধ্যাপক আনডিয়াস লার্ম, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক জুরকেন ভোম ডাল তাদের স্বাগত জানান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। এসটি আন্না হাসপাতালের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকদের প্রশিক্ষণের ব্যাপারে সহায়তার আশ্বাস দেয়া হয়। এরপর ডোসেল ডরফ প্রদেশের হার্নে অবস্থিত এসটি এলিজাবেথ গ্রুপের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং ‘ফর বাংলাদেশ’র প্রতিনিধিবৃন্দ। সেখানে এসটি এলিজাবেথ গ্রুপের চেয়ারম্যান ডা. বাউমান তাদের স্বাগত জানান। এসটি এলিজাবেথ গ্রুপের পক্ষ থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকবৃন্দকে প্রশিক্ষণের আশ্বাস দেয়া হয়। জানা যায়, আগামীতে এসটি এলিজাবেথ গ্রুপ, ফর বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে। —প্রেস বিজ্ঞপ্তি