গণতন্ত্রের শত্রুরা চুপ করে বসে নেই
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২২:০৮
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি বলেছেন, গণতন্ত্রের শত্রুরা চুপ করে বসে নেই। বেগম খালেদা জিয়া আর তার পুত্র তারেক ‘প্রথম রাষ্ট্রপতি’ তত্ত্ব দিয়ে কি প্রমাণ করতে চান তা আজ দেশের সচেতন জনগণকে বুঝতে হবে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে নেত্রকোনা পাবলিক হলে এক সুধী সমাবেশে মন্ত্রী আরো বলেন, যারা আওয়ামী লীগের মধ্যে থেকে লুটপাটের কথা চিন্তা করে বা লুটপাটের দর্শনে বিশ্বাস করে তাদের সাথে বিএনপি-জামায়াতের কোন পার্থক্য নেই। যারা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করে সে যদি আওয়ামী লীগারও হয় তারা জামায়াত-বিএনপির চাইতেও খারাপ। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়। যারা নির্বাচনে বিরোধিতা করেছে তারা আমাদের শত্রু নয়। তাদের আমাদের কাছে আনতে হবে। জনগণ আমাদের সে দায়িত্ব দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু।