শনিবার ৩ পৌরসভার উপ-নির্বাচন

আগামী শনিবার নোয়াখালী জেলার চৌমুহনী, ফেনী সদর ও চাঁঁপাই-নবাবগঞ্জের রোহনপুর এবং সোমবার ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। এসব পৌরসভার মেয়র পদে থেকে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব, বিজিবি ও পুলিশ চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে কমিশন। গতকাল বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ চার পৌরসভার নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল টিম হিসেবে ৬ প্লাটুন র্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েনের কথা বলা হয়। এ ছাড়া ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠি দিয়েছে ইসি। জানা গেছে, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ চার পৌরসভার মেয়র অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ চার পৌরসভাকে শূন্য ঘোষণা করলে ইসি এ সব পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। এসব পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচিত হয়েছিলেন নোয়াখালী-৩ আসনে মামুনুর রশীদ, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনে আলী আজম।