নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

নানা আয়োজনে গতকাল বুধবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে পালিত হলো সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন ঘোষণা করেন। এরপর সারাদেশে জেলা পর্যায়ে অটিস্টিকদের বিষয়ে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা বের হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, সেমিনার ও দিনব্যাপী কর্মশালা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এমপি বলেন, বর্তমান সরকার দেশের অটিস্টিক শিশুদের সামাজিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের সামাজিক প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, সমাজের মূল ধারার সঙ্গে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্সেস-এর অধ্যাপক ড. ডিন সাদারল্যান্ড মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অটিজম মাস হিসেবে এপ্রিল মাস জুড়ে অটিজম সংশ্লিষ্ট সংগঠন ও স্কুলগুলোতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ‘সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (এসডব্লিউএসি), অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এ্যাবলড চিলড্রেন, ক্রিয়েটিভ সোসাইটি ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অটিস্টিক শিশুদের অভিভাবকদের প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মশালা, লিফলেট ও পোস্টার বিতরণ, অটিস্টিক শিশু-কিশোরদের হাতে তৈরি বিভিন্ন পণ্যের মেলা, অটিস্টিক শিশুদের জন্য ফ্রি ডেন্টাল চেকআপ, চক্ষু শিবির ইত্যাদির আয়োজন করেছে। অনুষ্ঠানে অটিষ্টিকদের নিয়ে কাজ করা সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের শতকরা ১০ শতাংশ ব্যক্তি বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। তবে অটিস্টিকদের নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, দেশের ১০ শতাংশ প্রতিবন্ধীর মধ্যে এক শতাংশ অটিজমে আক্রান্ত রয়েছে। তাদের সংখ্যা নিরূপণে পরীক্ষামূলক জরিপ শুরু হয়েছে। প্রতিবন্ধী ভিক্ষুকদের আর্থিক সহায়তা চসিকের চট্টগ্রাম অফিস জানায়, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নগরীর প্রতিবন্ধী ভিক্ষুকদের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বুধবার চসিক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহায়তার টাকা তুলে দেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মো. নূরুচ্ছাফা। অনুষ্ঠানে মেয়র প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।