পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন সরকারের অঙ্গীকার :শিল্পমন্ত্রী
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১২
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিবেশ বান্ধব সবুজ শিল্পায়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। সরকার সবসময়ই সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজির ওপর গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে শিল্প স্থাপনের ব্যয় কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল অনেক বেশি। এ লক্ষ্যে অন্যান্য দেশের মতো আমাদেরকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জ্বালানি উত্পাদনের সক্ষমতা বাড়াতে হবে। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় গতকাল বুধবার সকালে চট্টগ্রাম ভেজিটেবল অয়েল পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পরীক্ষামূলক উত্পাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে একদিকে যেমন বিদ্যুত্ উত্পাদন বাড়ছে, তেমনি এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বিকল্প জ্বালানি উেসর দিকে আমাদের নজর দিতে হবে। সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল বলেন, চট্টগ্রামের বিভিন্ন শিল্প-কারখানায় শুধু গ্যাসের অভাবে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ অলসভাবে পড়ে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা ব্যাংক সুদ বৃদ্ধি ও বিনিয়োগ না করতে পারার কারণে ঋণখেলাপিতে পরিণত হচ্ছেন। বর্তমান সরকার গ্যাসের উত্পাদন ২২শ মিলিয়ন ঘনফুটে উন্নীত করলেও চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে ২শ মিলিয়ন ঘনফুট।
চট্টগ্রাম ভেজিটেবল অয়েল পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।