আজ প্রথম সেমিফাইনাল
স্পিন লড়াইয়ের অপেক্ষা
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১৬
এখনো পর্যন্ত ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল নিশ্চয়ই ভারত; কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর দলের নাম বলতে বললে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের কথাই বলতে হবে। অবিশ্বাস্য জয়, মাঠ কাঁপানো উত্সব করে বাংলাদেশের দর্শকদেরও মন জিতে নিয়েছে ক্যারিবীয়রা। আবার বিপরীতে শ্রীলঙ্কার মাঠের জাদুতেও এরই মধ্যে মুগ্ধ দর্শকরা। তাহলে কাকে ছেড়ে কাকে বেছে নেবেন?
আজ এই পরীক্ষায় বসতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। উল্লেখ্য, এর আগে দুপুর ২:৩০টা থেকে এই একই ভেন্যুতে মেয়েদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজেরই মেয়েরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
সেমিফাইনালে আসার গল্পটা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একেবারে একইরকম। দুই দলই সুপার টেনে চার ম্যাচের মধ্যে ৩টি করে ম্যাচ জিতেছে। দুই দলই শেষ ম্যাচে বোলারদের, ভালো করে বললে স্পিনারদের জাদুকরী বোলিংয়ে ভর করে ‘কোয়ার্টার ফাইনাল’-এ পরিণত হওয়া শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে এসেছে। তবে পার্থক্য হল, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এসেছে চট্টগ্রাম থেকে। আর ভারত আগেই সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ২ নম্বর গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এবং পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ পর্বের শেষ দুইটি ম্যাচ ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল; যে যে জিতবে, সেই সেই দল সেমিফাইনালে। দুই ক্ষেত্রেই বিজয়ী দল আগে ব্যাট করে মাঝারি স্কোর করেছিল। পরে রঙ্গনা হেরাথ ও সেনানায়েকের জাদুতে শ্রীলঙ্কা এবং সুনীল নারিন ও স্যামুয়েল বদ্রীর জাদুতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় সেমিফাইনালে।
আজ ঢাকার উইকেট চট্টগ্রামের তুলনায় আরো বেশি স্পিন জাদু দেখানোর উপযুক্ত হবে বলেই ধারণা।
ফলে এই নিচু বাউন্সের উইকেটে অবশ্যই তুরুপের তাস হবেন দুই দলের স্পিনাররা। ফলে এই চার তারকা স্পিনার ছাড়াও এক জন করে বাড়তি স্পিনার দুই দল মাঠে নামিয়ে দিতে পারে। আসল ভেল্কিটা দুই দলের স্পিনাররা দেখালেও চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে দুই দলের টপ অর্ডারকে।
এখানেও দুই দলের ভারী মিল। এখনো পর্যন্ত টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার টপ অর্ডার খুব ধারাবাহিক নয়; গেইল, সাঙ্গাকারারা এখনো সেভাবে রানে আসেননি। শ্রীলঙ্কার ব্যাটিং বেশ দুশ্চিন্তার নাম হয়ে আছে। এখানে ওয়েস্ট ইন্ডিজের একটা মস্ত সুবিধা হলো, মিডল ও লোয়ার অর্ডারে ব্র্যাভো-স্যামির উপস্থিতি তাদের এগিয়ে রাখবে। তবে কে জানে, শ্রীলঙ্কার ম্যাথুস-কুলাসেকেরাও আজকের দিনটার জন্যই ব্যাটিং জমিয়ে রেখেছেন কি না!