১৭ জেলায় বাতিল প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১৯
১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বাতিল পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগের নির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়। জেলাগুলো হলো— ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে গত বছরের ডিসেম্বরে একযোগে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও উল্লেখিত ১৭টি জেলায় প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল। এরপর কয়েক দফা পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলে পরীক্ষা নিতে পারেনি মন্ত্রণালয়। তাই আবার নতুন করে তারিখ দেয়া হয়।