পুঁজিবাজার সংক্রান্ত প্রজ্ঞাপন
বিএসইসি’র সঙ্গে বাংলাদেশ ব্যাংককে পরামর্শের আহবান
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২০:০৪
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বাংলাদেশ ব্যাংকের সমন্বয় বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজারের সাথে সম্পর্কিত কোনো প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে বিএসইসি’র সঙ্গে পরামর্শ করারও আহবান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিএসই’র পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বিএসইসির সঙ্গে পরামর্শ না করে শেয়ারবাজার সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করলে বাজারে প্যানিক সৃষ্টি হয়। যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। সংবাদ সম্মেলনে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।
স্বপন কুমার বালা বলেন, ডিএসই’র অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ২১ মার্চ নাসডাক ওমেক্স ও ফ্লেক্সট্রেড-এর সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। অক্টোবরের মধ্যে ওএমএস সফটওয়্যার চালু হবে। এ চুক্তির কার্যকারিতা থাকবে আগামী ১০ বছর। নতুন অটোমেশন কার্যক্রম ডেরিভেটিভ মার্কেট চালুর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগামী ১৬ এপ্রিল ডিএসইতে টি+২ কার্যকর করা হবে। এর মাধ্যমে শেয়ার লেনদেনের সময় একদিন কমে আসবে। এছাড়া চলতি মাসেই আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাব) আবেদন ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে সংগ্রহ করা হবে। এর ফলে আইপিও আবেদনকারীরা নানা ধরনের ঝামেলা থেকে মুক্ত হবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, স্টক এক্সচেঞ্জ শেয়ারের দর বাড়া কমা নিয়ে কাজ করে না। তাই বাজারে দর বৃদ্ধি ও দর পতনে ডিএসই’র কোনো চিন্তা নেই। তবে কেউ কারসাজি করলে বা বাজারকে প্রভাবিত করতে চাইলে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেকদিন শেয়ারদর বাড়া ইতিবাচক নয়। বরং কোম্পানির শেয়ার দরের ওঠানামা ওই কোম্পানির পারফরমেন্সের উপর ভিত্তি করে হওয়া উচিত। পূর্বে ডিএসই’র পক্ষ থেকে করা নানা মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগে স্টক এক্সচেঞ্জ থেকে নানা সময়ে নানা অপ্রয়োজনীয় কথা বলা হয়েছে, যা উচিত হয়নি। এগুলো বাজারকে প্রভাবিত করেছে। কিন্তু ধীরে ধীরে বাজার পরিণত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। আমরা এসব অবস্থা থেকে বেরিয়ে আসছি। এখন ডিএসই দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।