দেশীয় শিল্প রক্ষায় বাজেটে উদ্যোগ গ্রহণের আহ্বান
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২০:০৪
প্রাক বাজেট আলোচনা
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প রক্ষায় সরকারের উদ্যোগ চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় উপস্থিত হয়ে দেশীয় টেলিভিশন, রেফ্রিজারেটর (ফ্রিজ) ইলেক্ট্রিক্যাল পণ্য উত্পাদনকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ আহ্বান জানান। বাজেটকে সামনে রেখে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এনবিআরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, দেশে প্রতি বছর ৮ লাখ ফ্রিজের চাহিদার বিপরীতে উত্পাদন ক্ষমতা রয়েছে প্রায় ২২ লাখ পিস। তাই এ জাতীয় পণ্য আমদানি নিরুত্সাহিত করে দেশীয় শিল্প রক্ষার স্বার্থে রেফ্রিজারেটর আমদানির সম্পূরক শুল্ক বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়।
আলোচনায় অংশ নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আক্তারুজ্জামান মঞ্জু নেটওয়ার্কিংয়ের সরঞ্জাম আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার, ডাটা ট্রান্সমিশন লিঙ্ক এর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেন।
এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিমের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশন, ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, ইলেক্ট্রনিক্স ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, ইলেক্ট্রিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বেসিস, টিভি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে গতকাল সকালে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতি, প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন, হোমিও মেডিসিন প্রস্তুতকারক সমিতি, চামড়া রেক্সিন ও পাদুকা সমিতি, মেডিসিন ক্যামিকেল ইম্পোর্টার্স ও মার্চেন্টস অ্যাসোসিয়েশন, ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, প্রিন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, কসমেটিক্স এন্ড টয়লেট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন।