উদ্ধার অভিযান তদারক করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পার্থে
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৫১
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিখোঁজ বিমান অনুসন্ধান কাজ তদারক করতে অস্ট্রেলিয়া সফর করেন। তিনি বৃহস্পতিবার দেশটির যে সামরিক ঘাঁটি থেকে অনুসন্ধান কাজ চলানো হচ্ছে তা পরিদর্শন করেন। এ সময় অস্ট্রেলিয়া বলেছে, তল্লাশি অভিযান বাতিলের কোন পরিকল্পনা তাদের নেই।
অস্ট্রেলিয়ার পার্থে তল্লাশি কর্মকান্ড সমন্বয় কেন্দ্রের প্রধানের দায়িত্ব পালন করছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান মার্শাল অ্যাংগাস হিউস্টন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেন, নিখোঁজ বিমান অনুসন্ধানে অস্ট্রেলিয়া সম্ভাব্য সবকিছু করছে। তিনি আন্তর্জাতিক সমপ্রদায়ের ‘স্মরণীয়’ সহযোগিতারও প্রশংসা করেন। তিনি মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সত্যিকার অর্থেই আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে এবং এই উদ্ধার অভিযান আন্তর্জাতিক সহযোগিতার একটি বড় উদাহরণ হয়ে থাকবে।
গত ৭ মার্চ শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ নিখোঁজ হয়। বিমানটিতে ১৪টি দেশের ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানের সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের। মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হয়েছে প্রায় এক মাস হতে যাচ্ছে। তবে বিমান ও এর যাত্রীদের ভাগ্যে আসলে কি ঘটেছে তার কোন তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। এতে নিখোঁজদের আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এদিকে নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গিয়ে ধ্বংস হয়েছে বলে মালয়েশিয়া দাবি করে। কৃত্রিম উপগ্রহের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ রকমই ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়। তবে মালয়েশিয়ার এ দাবির স্বপক্ষে কোন তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ নিয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনদের ক্ষোভ দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার পার্থের কাছে পিয়ার্স বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটও ছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অজানা প্রশ্নের উত্তর খুঁজতে অভিযান অব্যাহত থাকবে। তবে তিনি এও বলেন, অভিযান অনন্তকাল চলতে পারে না।