কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমায় ৬ পুলিশ নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, হামলাকারীরা সামরিক পোশাক পরে মানবসম্পদ মন্ত্রণালয়ে ঢোকার চেষ্টা করছিল। “এসময় বাধা পেয়ে তারা বোমা বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের বহনকারী একটি কালো রঙের জীপের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” তালেবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে। শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফগানিস্তানে হামলা জোরদার করেছে তালেবান। তারা বরাবরই নির্বাচন ব্যাহত করার হুমকি দিয়ে আসছে। বুধবারের ওই হামলার জন্য তালেবানরা কিভাবে একাধিক নিরাপত্তা চৌকি ফাঁকি দিয়ে স্পর্শকাতর এলাকায় ঢুকে পড়েছে তা এখনো পরিষ্কার নয়। ওদিকে উত্তর আফগানিস্তানেও সন্দেহভাজন তালেবানরা গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে বলে জানানো হয় খবরে।